শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে নির্মাণাধীন স্কুল ভবনের রড চুরির অভিযোগ, এলাকায় তোলপাড়

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে নির্মাণাধীন স্কুল ভবনের রড চুরির অভিযোগ, এলাকায় তোলপাড়

গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের রড চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি অর্থে নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

শুক্রবার (২৮ আগস্ট) পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও বিরাজ করছিল।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ভবন নির্মাণের জন্য সেখানে রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা ছিল।

অভিযোগ রয়েছে, বুধবার (২৬ আগস্ট) রাতে বিদ্যালয়ের নৈশপ্রহরী মোমিনুল ইসলাম ৩৫৭ কেজি রড চুরি করেন। পরে তার ছোট ভাই মাহিদুল ইসলাম, প্রতিবেশী জাহিদ মিয়া ও দারোয়ান জুয়েল মিয়া ওই রড স্থানীয় ছোটন মিয়ার ভ্যানে করে রসুলপুরের মহিষবান্দি এলাকার একটি ভাঙারির দোকানে নিয়ে যান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নূর সালাফী ও সাজু মিয়া ওই দোকানে গিয়ে রডগুলো শনাক্ত করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর মাধ্যমে সেগুলো জব্দ করা হয়। এ সময় মাহিদুল, জাহিদ ও জুয়েল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নূর সালাফী ও সাজু মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা মহিষবান্দির একটি ভাঙারির দোকানে গিয়ে রডগুলো শনাক্ত করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর মাধ্যমে সেগুলো জব্দ করা হয়। তাদের দাবি, নৈশপ্রহরী মোমিনুল ইসলামের সহযোগী মাহিদুল, জাহিদ ও জুয়েল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান, মুকুল মিয়াসহ কয়েকজন বলেন, বিদ্যালয়টি এলাকার গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। সেই ভবনের নির্মাণসামগ্রী চুরি হলে সরকারি অর্থের ক্ষতি হবে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উত্তর দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ নয়ন বলেন, ‘নির্মাণাধীন ভবনের রড চুরির ঘটনাটি সত্য। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।’

সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মো. মেনাজ বলেন, ‘যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের রড চুরি হয়েছে, সেহেতু প্রতিষ্ঠানটিই এ বিষয়ে ব্যবস্থা নেবে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান হা-মীম ইন্টারন্যাশনালের প্রকৌশলী সুজা মিয়া বলেন, ‘খবর পেয়ে চোরাই রডগুলো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর