মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় বলাই দাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিদের থামার সংকেত দেওয়া হলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালান। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি ছোড়েন।
একপর্যায়ে চোরাকারবারি দলের কয়েকজন পালিয়ে গেলেও বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




