সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।
শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হালনাগাদ হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেটের দুজন ও সুনামগঞ্জের একজন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী উদ্ভব বিশ্বাস এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নয় মাস ১১ দিন বয়সী আদিলের মৃত্যু হয়। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের ১১ মাস বয়সী হুমায়রার মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৩১ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৪ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, সিলেটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, সুনামগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জামালপুরে ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও সন্দেহজনক হামে মৃতের সংখ্যা ১৫১ জন। এর মধ্যে সিলেটে ৫৯ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন।
প্রতিনিধি/এসএস




