পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর সংগ্রহ করতে গিয়ে আব্দুর রশিদ (৬৭) নামের এক বৃদ্ধ পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত এমার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার পর আব্দুর রশিদ বাড়ির পাশে গরু-ছাগল দেখাশোনা করেন। পরে বাড়ির পাশের করতোয়া নদীর স্লাবের গর্তের কাছে পাথর সংগ্রহ করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান।

বিকেল পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে করতোয়া নদীর স্লাবের কাছে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস




