হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় আরও এক ব্যক্তি পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল ২৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে র্যাবের দল রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয়। অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
আটক ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে পরে তার দেখানো মতে বসতঘরের খাটের নিচে রাখা দুটি পাটের বস্তায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা এবং ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতার ফাতেমা বেগম মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তার বাবার নাম আবুল কাশেম এবং মায়ের নাম পুতুল বেগম।
র্যাব-৯ জানায়, গ্রেফতার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়। পরে গ্রেফতার ফাতেমা বেগম ও জব্দ করা মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




