নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে ব্যাটারিচালিত ভ্যানে উঠে চালক কিশোরকে পান আনতে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। ভ্যানচালক রেজওয়ান ইসলাম (১৪) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ার ওলিয়ার রহমানের ছেলে।
ভুক্তভোগী রেজওয়ান বলেন, রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে তাঁকে চার্জার ভ্যানসহ ভাড়া করেন। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা তাঁকে সড়কের অপর পাশের একটি দোকান থেকে পান আনতে পাঠান। পান নিয়ে ফিরে এসে দেখেন, তাঁর ভ্যানটি নেই। তবে ভ্যানের চাবি তাঁর কাছেই ছিল।
কান্নাজড়িত কণ্ঠে রেজওয়ান বলেন, এখন তিনি কী করবেন, তা বুঝতে পারছেন না। তাঁর শেষ সম্বলটিও দুর্বৃত্তরা নিয়ে গেছে। এ অবস্থায় বাবা-মাকে কী জবাব দেবেন এবং তাঁদের সংসার কীভাবে চলবে, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তিনি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ফেসবুকে দেখে কিশোরের ভ্যান হারানোর বিষয়টি জানতে পেরেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। এ ধরনের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে শহরজুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। যেসব ঘটনার খবর পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/এআর




