দালালের খপ্পরে পড়ে রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় আহত রাজন হোসেনের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রাজন হোসেন জানান, বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সহযোগিতা নিয়ে বাসায় ফেরার পথে কয়েকজন তাদের ইজিবাইক গতিরোধ করে। তাদের হাতে লোহার শাবল ছিল। গ্রামের রাস্তায় নামিয়ে তারা আমার বাবাকে মারধর করে। আমাকেও শাবল দিয়ে মারতে আসে। এসময় স্থানীয় কয়েকজন তাদের বাধা দেয়।
তিনি আরো বলেন, সাংবাদিকদের কাছে দালাল আবু তাহের লেন্টু ও সোহেলের নাম বলায় তারা হামলা করেছে। আমি এখনো ঠিকমতো হাঁটতে পারছি না। রাশিয়ায় ড্রোন হামলায় আমার একটি পায়ে কোনো শক্তি পাচ্ছি না। এর মধ্যে আমার বাড়িতে হামলা চালিয়েছে দালালের লোকজন।
কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, হামলার খবর শুনেই পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত রাজনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। শুনেছি, বাসায় ফেরার পথে তার ওপর হামলা হয়েছে।
এ বছরের ৭ মে দালালের খপ্পরে পড়ে রাশিয়া যান রাজন। সেখানে তাকে নির্মাণশ্রমিকের কাজ দেওয়ার কথা বলে যুদ্ধে পাঠানো হয়। এরপর সেখানে ২১ দিন প্রশিক্ষণ শেষে ফ্রন্ট লাইনে যুদ্ধে যান। প্রথম দিনেই ড্রোন হামলায় গুরুতর আহত হন রাজন। সেখান থেকে গত ২১ আগস্ট ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরে আসেন রাজন।
প্রতিনিধি/এলএ




