বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

বিএনপি সফলভাবে ব্যর্থ: সারজিস

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

বিএনপি সফলভাবে ব্যর্থ: সারজিস
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সারজিস আলম। ছবি: ঢাকা মেইল

‘বিএনপি সফলভাবে ব্যর্থ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। তাদের সফলতা একটাই- তারা সফলভাবে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি ৬ মাসে দুঃখজনকভাবে অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে এবং বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ এনসিপির এই অন্যতম শীর্ষ নেতা।

তিনি বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা; বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও বিএনপি প্রতারণা করেছে।

সারজিস বলেন, আমরা দেখছি- প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি, বিএনপি ইউনিয়ন পরিষদেও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী সকল স্থানীয় নির্বাচনে এনসিপি একক প্রার্থী ঘোষণা করবে। 

‘বিএনপি সংসদে ইনিয়ে-বিনিয়ে এটা বলার চেষ্টা করছে যে, গণভোটের এই রায়টাকে তারা আসলে মানে না। বাকি মানুষের যে ম্যান্ডেট, সংস্কারের পক্ষে, এটা তারা আসলে মানতে চায় না’ বলে যোগ করেন সারজিস আলম।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন ও ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহওয়ালী উল্লাহ মানিকসহ অন্যরা।

এর আগে, ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাংগঠনিক অনুষ্ঠানে বক্তব্য দেন সারজিস আলম।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর