বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ভৈরবে ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৭:১৭ এএম

শেয়ার করুন:

ভৈরবে ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জীদনি সায়হাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জীদনি সায়হাম ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম জি এম ইস্পাহানি মিয়ার দ্বিতীয় ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে জীদনি সায়হাম ডেঙ্গুতে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয় আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয় এবং রক্তে প্লাটিলেটের মাত্রা কমে ২১ হাজারে নেমে আসে। অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয় এবং ওই রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তার রক্তপাত শুরু হয়। অবস্থার আরও অবনতি ঘটলে বুধবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা দ্রুত রক্ত সংগ্রহের পরামর্শ দিয়ে জরুরি চিকিৎসা শুরু করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুরের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এ বিষয়ে মৃত জীদনীর বড় ভাই রাব্বি মিয়া বলেন, আমার ভাইয়ের এভাবে আকস্মিক ও মর্মান্তিক চলে যাওয়াটা আমরা পরিবারে কেউ কিছুতেই মেনে নিতে পারছি না। তার ৬ ও ৩ বছরের দুটি অবুঝ শিশু রয়েছে তারা তাদের বাবাকে হারিয়েছে, যে শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই আর পূরণ হওয়ার নয়। চোখের পলকে আমাদের সাজানো সংসারটা লণ্ডভণ্ড হয়ে গেল। সামান্য একটা জ্বর যে এত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, তা আমাদের কল্পনার বাইরে ছিল।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর