পটুয়াখালীর দুমকি উপজেলায় ত্যাগী নেতাদের বঞ্চিত করে সদ্য ঘোষিত যুবদলের নতুন আংশিক কমিটি করা হয়েছে দাবি করে এবং কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় নতুন বাজার মামুন চত্বরের সামনে থেকে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভুর পরিচালনায় সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পটুয়াখালীর দুমকি উপজেলার ৬ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে যাঁদের স্থান দেওয়া হয়েছে তাঁরা হলেন- সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. কামাল তালুকদার।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কমিটিতে ত্যাগী ও বঞ্চিত নেতাদের বাদ দেওয়ার অভিযোগ এনে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
প্রতিনিধি/ এজে




