বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি
হাসপাতালে চিকিৎসাধীন একজন। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার নওশা মিয়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। 

বুধবার সকালে স্বজনরা উদ্ধার করে তাদের মিঠাছরা ডায়নামিক হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থরা হলেন- ওই বাড়ির বখতিয়ার উদ্দিন চৌধুরী (৪০), তার স্ত্রী জেরিন (৩০), শাহাবুদ্দিন চৌধুরী (৫০), তার ছেলে ইরফান উদ্দিন চৌধুরী (২৮) ও তার স্ত্রী মাইমুনা (২৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা মঙ্গলবার রাতে গোপনে রান্না করা ভাত এবং তরকারির হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। পরিবারের সদস্যরা সে খাবার খাওয়ার পর একে একে সবাই অচেতন হয়ে পড়েন। বুধবার সকালে পাশের ঘরের লোকজন এসে দেখেন তারা সবাই ঘুমে আচ্ছন্ন। পরবর্তীতে তাদের উদ্ধার করে স্থানীয় মিঠাছরা ডায়নামিক হাসপাতালে ভর্তি করান।

অসুস্থ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাতের খাবার খাওয়ার সাথে সাথে আমি এবং আমার স্ত্রীর ঘুম চলে আসে। সকালে আমার চাচাতো ভাই এসে আমাদের এবং আমার আরেক চাচার পরিবারকে হাসপাতালে নিয়ে আসেন। এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি। চোখে এখনো ঘুমের ভাব রয়েছে।

তিনি আরও বলেন, অজ্ঞাত ব্যক্তিরা চুরি করার উদ্দেশে আমার এবং আমার চাচাদের খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছে। যার জন্য আমরা সবাই অজ্ঞান হয়ে যায়। আমার প্রায় লক্ষাধিক টাকাসহ বিভিন্ন জিসিনসপত্র লুট করে নিয়ে যায়।

স্বজন অয়ন চৌধুরী বলেন, রাত ১১টার দিকে আমরা রাতের খাবার খেয়েছি। খাবারের আগে অজ্ঞাত ব্যক্তিরা রান্না করা ভাত এবং তরকারির হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়ার কারণে সবাই ঘুমিয়ে পড়ে। আমার জেঠাতো ভাই এবং চাচার পরিবারের সদস্যরা সবাই অসুস্থ হয়ে পড়ে। তারা হাসপাতালে থাকায় কি পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে তা এখনো বলা যাচ্ছে না।

তারেক আজিজ নোবেল বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমাদের রান্না ঘরে অজ্ঞাত ব্যক্তি রান্না করা তরকারিতে চেতনানাশক ওষুধ মিশানোর চেষ্টা করে। আমার ছোট বোন ওয়াশরুমে যাওয়ার জন্য লাইট দিলে ওই ব্যক্তি ওষুধ মিশানোর আগে পালিয়ে যায়।

মিঠাছরা ডায়নামিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালনক মো. নজরুল ইসলাম বলেন, বুধবার সকালে অজ্ঞান অবস্থায় নারী-পুরুষ ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছেন। তারা এখন সুস্থ আছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, অপরাধী শনাক্তে পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর