বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫ গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫ গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আরও পড়ুন

মেঘনার তীর দখল করে হোটেল নির্মাণ, স্বপ্রণোদিত তদন্তের নির্দেশ আদালতের

এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি চারা রাতের আঁধারে উপড়ে ফেলা হয়। একই সঙ্গে চারাগুলোর সুরক্ষাবেষ্টনীও নষ্ট করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, ‘ডেপুটি স্পিকারের নির্দেশনায় গত ৫ আগস্ট আমরা সড়কের পাশে গাছগুলো রোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘একটি মহল তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, চারাগুলো বড় হলে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখত। রাতের আঁধারে চারা উপড়ে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর