সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি একা চলার দল নয়; সবাইকে সঙ্গে নিয়ে চলার দল। ধনী-গরিব, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানসহ ১৮ বছরের বেশি বয়সী যে কোনো মানুষ বিএনপির সদস্য হতে পারবেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। পাড়া-মহল্লায় দলের জনবল বাড়াতে হবে। কোনো গ্রামে ২০০ জন কর্মী থাকলে সেখানে আরও নতুন সদস্য যুক্ত করতে হবে। নেতা-কর্মীদের কাজ ও আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
তিনি বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে থাকতে চায়। বিপদগ্রস্ত মানুষকে সঠিক পথ দেখানো এবং অসুস্থদের পাশে দাঁড়ানো নেতা-কর্মীদের দায়িত্ব। গ্রামের ও আশপাশের বাড়ির অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিএনপি সরকার সবসময় মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ছেলে-মেয়েদের সুশিক্ষার বিষয়টিকে গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। শুধু নিজের সন্তানের শিক্ষার দিকে নজর দিলেই হবে না, প্রতিবেশীর ছেলে-মেয়েরা পড়াশোনা করছে কি না, সে বিষয়েও খোঁজ নিতে হবে। একটি পরিবার, সমাজ ও দেশকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নেই।
প্রতিনিধি/এসএস




