ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও সাবেক ইউপি মেম্বার মো. সজলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কালীগঞ্জ থানাধীন খয়েরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সজল উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, গত ২৩ জুন কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়পাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেআইনিভাবে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান ও মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২৪ জুন কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
পুলিশের দাবি, মামলার তদন্তে সজলের ওই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের জানান, পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশি প্রহরায় ঝিনাইদহের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে




