বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বন্ধুত্ব চাই, তবে পানির গেট খুলে মানুষকে বন্যায় ফেলা যাবে না’

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

‘বন্ধুত্ব চাই, তবে পানির গেট খুলে মানুষকে বন্যায় ফেলা যাবে না’
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেড় মাসের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভেঙে যাওয়ার পর মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় বাঁধ পরিদর্শন করে এ নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে পানির গেট খুলে দিয়ে কোনো অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না।

তিনি বলেন, ‘আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গিয়ে এভাবে প্লাবিত করে এ অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। তাহলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অটুট হবে।’

খোয়াই নদীর বাঁধের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। শুধু বাঁধ নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে কি না, নাকি সেখানে সুইসগেট স্থাপন করা প্রয়োজন—বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

পরিদর্শনের সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ বাঁধের প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, দেড় মাসের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভেঙে যাওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বাঁধের স্থায়ী সমাধানের পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে জন্য টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

পরিদর্শনের সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর