বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
অভিযুক্ত মোছা. তানিয়া খাতুন (২২)।

যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামের এক নার্সকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আরিফ হোসেন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তানিয়া খাতুন বেসরকারি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

মিরসরাইয়ে গৃহবধূকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর গ্রেফতার

মামলার এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের কিছুদিন পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে সংসার করবেন না জানিয়ে একপর্যায়ে বাবার বাড়ি চলে যান তিনি। পরে পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তানিয়া যৌতুকের টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হননি।

এরপর সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলাটি সি.আর. ৪০/২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।

বাদী সাখাওয়াত হোসেন বলেন, ‘পারিবারিক ও সামাজিকভাবে একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে। সামাজিকভাবে বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। বিচার বিভাগের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আদালতের প্রাথমিক তদন্তের পর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তানিয়া স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। এরপর লিগ্যাল এইডসহ একাধিকবার আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তিনি বাদীর সঙ্গে সংসার করতে রাজি হননি। মীমাংসা কার্যকর না হওয়ায় মঙ্গলবার শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এসব অভিযোগের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর