কক্সবাজারের রামুতে ট্রাকের চেচিসে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী৷
বিজিবি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকে অবৈধ কোনো মালামাল আছে কি না জানতে চাইলে চালক তা অস্বীকার করেন। পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে চেচিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় একজনকে আটক করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এজে




