মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

আখাউড়ায় কমতে শুরু করেছে পানি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

আখাউড়ায় কমতে শুরু করেছে পানি

ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নে কমতে শুরু করেছে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুরের পর থেকে মঙ্গলবার (২৫ আগস্ট)পর্যন্ত হাওড়া নদীর পানি বিপদ সীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এছাড়া আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে পানি কমায় বন্দরের বেশ কয়েকটি আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানে প্রবেশ করলেও তা সরে যায়। এছাড়া নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িঘরের উঠোনে উঠা পানি নেমে গেছে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪,০১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। দুই সপ্তাহ আগে জমিতে চারা রোপণ করা হয়েছিল। তবে গতকাল থেকে উজানের ঢলের পানিতে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে যায়। তবে গতকাল দুপুরের পর থেকে পানি কমতে শুরু করেছে। দ্রুত পানি নেমে গেলে ফসলি জমির কোনো ক্ষতি হবে না।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আর ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত সরে যাবে। এছাড়া বন্যার কোনো শঙ্কা নেই।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, পানি বৃদ্ধির কারণে কিছু ফসলি জমি তলিয়ে গেলেও মৎস্য খাতে কোনো ক্ষতি হয়নি। ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন কাজ করছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর