মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বাস ছুটে যায়, দাঁড়িয়ে থাকেন শ্রীমঙ্গলের যাত্রীরা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

বাস ছুটে যায়, দাঁড়িয়ে থাকেন শ্রীমঙ্গলের যাত্রীরা
শ্রীমঙ্গলে যাত্রী ওঠানামার জন্য বাস স্টপেজ চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরতিহীন বাস সার্ভিসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোনো স্টপেজ না থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রীরা। শ্রীমঙ্গলে যাত্রী ওঠানামার জন্য স্টপেজ চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী যাত্রী ও হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার নেতারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটমুখী বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। অথচ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ পরিবহনে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ না থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বেশি। শ্রীমঙ্গল থেকে বাসটিতে সরাসরি ওঠার সুযোগ না থাকায় অনেককে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বিকল্প পরিবহনে যেতে হচ্ছে। কেউ কেউ গন্তব্যের আগে বা পরে নেমে অন্য যানবাহনে করে যাতায়াত করছেন।

বক্তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ জনপদের মানুষের জন্য এ ধরনের পরিবহন বৈষম্য কাম্য নয়। শ্রীমঙ্গলবাসী কোনো বিশেষ সুবিধা চাইছেন না, তারা তাদের ন্যায্য যাতায়াতের অধিকার চান।

78f477eb-681b-4cce-a92c-4854bfad898a

সংস্কৃতিকর্মী মো. তারেক ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মো. ওয়াহিদ হাসান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, জ্যেষ্ঠ সদস্য সৈয়দ আমিরুজ্জামানসহ অন্যরা।

মানববন্ধনে অংশ নেওয়া যাত্রীরা বলেন, তারা প্রতিদিন এই পথে যাতায়াত করেন। শ্রীমঙ্গলে একটি স্টপেজ চালু হলে শত শত মানুষের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে। এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।

বক্তারা দ্রুত হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের শ্রীমঙ্গল স্টপেজ চালুর দাবি জানান। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর