গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার উত্তর মন্দুয়ার এলাকায় শাহীন সরকারের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
শাহীন সরকার (৬০) উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর মন্দুয়ার গ্রামের মৃত বদিউজ্জামান সরকারের ছেলে।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে অবৈধভাবে মজুত রাখা এসব সার জব্দ করা হয়। এর মধ্যে ১৩ বস্তা ইউরিয়া, ২৮ বস্তা জিপসাম, ১৬ বস্তা ডিএপি, ১৩ বস্তা টিএসপি ও ২ বস্তা পটাশ সার রয়েছে। জব্দ করা সারের মোট মূল্য প্রায় ৫৬ হাজার ৭০০ টাকা।
তবে শাহীন সরকার বলেন, “আমরা প্রান্তিক কৃষক। বাড়িতে রাখা এসব সার বিক্রি বা অবৈধভাবে মজুতের জন্য নয়। রোপা আমন খেতে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।”
স্থানীয় কৃষকেরা বলেন, সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার ও গুদামে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন।
সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার কেউ অবৈধভাবে মজুত করলে বা বেশি দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




