সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।
গ্রেফতার তমাল সরকার উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, হামলার ঘটনার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় এমপি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার দিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে, এ মামলায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা ওই দুই আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানিয়েছে, মামলার চার আসামি বর্তমানে আগাম জামিনে রয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, হামলার ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবিতে সোমবার (২৪ আগস্ট) দুপুরে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




