বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সমুদ্রগামী অন্য একটি ট্রলারের সহায়তায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৫ জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাগর থেকে ট্রলারডুবির খবর পেয়ে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
জানা যায়, সাগরে থাকা একটি ট্রলারের মাঝি পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে গোলাম মোস্তফা চৌধুরীকে এফবি বরকত ডুবে যাওয়ার বিষয়টি জানান। খবর পাওয়ার পর ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে যোগাযোগ স্থাপন সম্ভব না হওয়ায় নিখোঁজ জেলেদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি ট্রলার সাগরে পাঠানো হয়।
ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া এফবি বরকত-এর মালিক পাথরঘাটা নতুন বাজার এলাকার মো. আশরাফ। নিখোঁজ জেলেদের উদ্ধারে সমুদ্রে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সমুদ্রে ট্রলারডুবির খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে দ্রুত একটি ট্রলার পাঠানো হয়েছে। পরে সমুদ্রে থাকা অন্য একটি ট্রলার এফবি বরকতে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে। এখনো ৫ জেলের সন্ধান পাওয়া যায়নি।
প্রতিনিধি/টিবি




