দিনাজপুরের ফুলবাড়ীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দ্বীপ সাহা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারাই হাট এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বীপ সাহা ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাঁটাবাড়ী গ্রামের দিলীপ সাহার ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী আমবাড়ী বাজারে যান দ্বীপ সাহা। কাজ শেষে ফুলবাড়ীর দিকে ফেরার পথে বারাই হাট এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তার মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি




