মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ফ্যামিলি কার্ডের নিয়োগে দলীয়করণের অভিযোগ জামায়াতের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৩:০৪ এএম

শেয়ার করুন:

ফ্যামিলি কার্ডের নিয়োগে দলীয়করণের অভিযোগ জামায়াতের
ফ্যামিলি কার্ডের নিয়োগে দলীয়করণের অভিযোগ জামায়াতের

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জরিপ কার্যক্রমে সুপারভাইজার ও গণনাকারী নিয়োগে ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের তালিকা প্রণয়নেও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট ২০২৬) রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির মাস্টার মো. মনিরুজ্জামান ফরাজী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়নভিত্তিক সুপারভাইজার ও গণনাকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ে বাছাই ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। তবে ফলাফল প্রকাশের পর তারা ‘আশাহত, মর্মাহত ও ক্ষুব্ধ’ হয়েছেন।

এ সময় সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মো. শাহাদাৎ হোসাইন ও উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আইজিপির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক, লংমার্চে সহযোগিতার আশ্বাস

জামায়াত নেতাদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী মতের যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে দলীয় ও বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি অতীতে চার-পাঁচবার এ ধরনের গণনা কার্যক্রমে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা অভিজ্ঞ ব্যক্তিদেরও বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নিয়োগ পরীক্ষার দিন দলীয় নেতাকর্মীরা বিরোধী মতের প্রার্থীদের গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে প্রকাশিত ফলাফলে দলীয় কর্মীদের ‘নগ্নভাবে নিয়োগ’ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে ওই বিতর্কিত নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগ সম্পন্ন করার দাবি জানান জামায়াত নেতারা।

এছাড়া মোরেলগঞ্জ উপজেলার ইউনিয়নভিত্তিক ১৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের জন্য তালিকা তৈরির কাজেও দলীয়করণের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। জনগণের করের অর্থে প্রদেয় এসব সরকারি ভাতা কোনো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদের দেওয়ার জোর দাবি জানান জামায়াত নেতারা।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর