ময়মনসিংহের ভালুকায় ‘রোর ফ্যাশন লিমিটেড’ নামে একটি সুয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, প্রায় দেড় মাসের বেতন বকেয়া রেখেই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি।
ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকার এ কারখানাটিতে সর্বশেষ প্রায় ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। এর আগে কারখানাটিতে দেড় হাজার শ্রমিক ছিলেন এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা একাধিকবার আন্দোলন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন নিয়ে অনিশ্চয়তা চলছিল। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও পুরোপুরি পরিশোধ করা হয়নি। সর্বশেষ দেড় মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, কারখানা বন্ধের আগে শ্রমিকদের যথাযথ কোনো নোটিশ দেওয়া হয়নি। ফলে হঠাৎ কর্মস্থলে এসে কারখানা বন্ধের বিষয়টি জানতে পেরে অনেক শ্রমিক বিপাকে পড়েন। বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলা বা তাদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
তবে কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুল আজিজ জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নাম উল্লেখ করে খামের মাধ্যমে তার কাছে কিছু টাকা দিয়েছেন। তিনি ওইসব খাম শ্রমিকদের কাছে বণ্টন করছেন।
ময়মনসিংহ শিল্প জোন-৫ এর পুলিশ সুপার (এসপি) মো. আনছার উদ্দিন জানান, এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধি/এলএ




