কক্সবাজারের টেকনাফে মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে মা-বাবাকে হারিয়েছেন পুলিশ সদস্য কামাল হোসেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে ফেরার পর জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েন তিনি।
রোববার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা আহমেদ হোসেনের স্ত্রী সোয়া বিবি (৮২) মারা যান। খবর পেয়ে ঢাকায় কর্মরত তাঁর ছেলে পুলিশ কনস্টেবল কামাল হোসেন বাড়িতে ছুটে আসেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে স্ত্রীকে হারানোর শোকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ হোসেন (৯০)। এতে প্রায় ১৪ ঘণ্টার ব্যবধানে মা-বাবা দুজনকেই হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন কামাল।
কামাল হোসেন বলেন, ‘আমার মা এক বছর ধরে অসুস্থ ছিলেন। বাবা সুস্থই ছিলেন। মায়ের মৃত্যুর শোকেই বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের শোক কাটিয়ে ওঠার আগেই মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে বাবাকেও হারালাম।’
তিনি জানান, সোমবার মাগরিবের নামাজের পর মা-বাবার একসঙ্গে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁদের দাফন করা হবে।
পরপর মা-বাবাকে হারিয়ে চরম শোকের মধ্যে রয়েছেন কামাল ও তার পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রঙ্গিখালীর পরিবেশ।
দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামীরও মৃত্যু হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্বজন ও স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে জানিয়েছেন।
প্রতিনিধি/এসএস




