সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়কসহ তিন শিক্ষার্থীর বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা বন্দর থানা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন।

অভিযুক্তরা হলেন ববি ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম শাওন, অনিক ও ইশরাক। তারা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাত ৯টার দিকে আ. রাজ্জাক মোল্লা এক বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের মেরিন একাডেমি সড়কে ঘুরতে যান। এ সময় ওই তিন শিক্ষার্থী তার পরিচয় জানতে চান। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরের লোক বলে পরিচয় দিলে তারা তার বিরুদ্ধে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ৫০ হাজার টাকা দাবি করেন।

BarisalBU_Done-6a008ef42efd1

অভিযোগে আরও বলা হয়, রাজ্জাক মোল্লা ওই অভিযোগ অস্বীকার করলে শিক্ষার্থীরা তাকে মারধর করেন। তার বান্ধবীকেও হেনস্তার চেষ্টা করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের এটিএম বুথে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ব্যাংক কার্ড কাজ না করায় পাশের একটি বিকাশের দোকান থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, তাকে ব্যাংকের বুথে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ রয়েছে।

অভিযোগের বিষয়ে অনিক ও ইশরাকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

BOBI-20250207081357

তবে অভিযোগ অস্বীকার করে রাশেদুল ইসলাম শাওন বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। আমরা তাদের নদীর পাড়ে আপত্তিকর অবস্থায় ধরেছি। পরে তাকে বাইকে করে ক্যাম্পাসের সামনেও দিয়ে গেছি। ক্যাম্পাসের সামনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা জানা যাবে।’

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর