সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, পাল্টাপাল্টি কর্মসূচি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, পাল্টাপাল্টি কর্মসূচি

মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপি নেতা মো. মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও লুটপাটের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন শাহিন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে হরিরামপুর উপজেলা পরিষদের সামনে থেকে ঝাড়ু হাতে মিছিল বের করেন নারী-পুরুষ। মিছিলটি থানা চত্বর ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেন তারা।

মোল্লা শাহিন হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব।

এদিকে, একই সময়ে মোল্লা শাহিনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়ার প্রতিবাদে তার অনুসারীরা হরিরামপুর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে ঝাড়ু মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা ও হারুকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল হোসেন এবং বয়রা ইউনিয়নের সদস্য মো. মিরাজ হোসেন। বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

molla-shahin

তবে অভিযোগ অস্বীকার করে মোল্লা শাহিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে আমরা থানার সামনে কর্মসূচি পালন করছিলাম। এর মধ্যে কিছু লোক এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার তিনজন অনুসারী আহত হয়েছেন।’

তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, পদ্মা নদীতে চ্যানেলের চাঁদা তোলাকে কেন্দ্র করে দুটি মামলা হয়েছে। দুই পক্ষই শান্তিপূর্ণভাবে দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে।

ওসি আরও বলেন, একটি পক্ষ থানা ঘেরাও করতে পারে—এমন তথ্য থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় থানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভকারীরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কর্মসূচি পালন করে চলে যান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর