নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাহেপ্রতাপ এলাকার এন এস কো ফুড অ্যান্ড কনজ্যুমার লিমিটেডে এসব অনিয়ম ধরা পড়ে।
বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ফর্টিফায়েড সয়াবিন তেলের প্রতি ১ হাজার ৮০০ মিলিলিটারে ৬০ মিলিলিটার এবং প্রতি ৯০০ মিলিলিটারে ৪০ মিলিলিটার কম দিচ্ছিল। এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়াই ‘রুপালী ইলিশ’, ‘রুপালী চান্দা’ ও ‘পুষ্প’ ব্র্যান্ডের নামে তেল বিক্রি ও বিতরণ করা হচ্ছিল।
একই ঠিকানা ব্যবহার করে চারটি ভিন্ন প্রতিষ্ঠানের নামে ফর্টিফায়েড সয়াবিন তেল মোড়কজাত ও বাজারজাত করার প্রমাণও পাওয়া যায়। এ ছাড়া মোড়কজাত পণ্য বিধিমালা লঙ্ঘন করে ৪৫০, ৯০০, ১ হাজার ৮০০ ও ৪ হাজার ৫০০ মিলিলিটার আকারের বোতলে তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।
অভিযানে আরও দেখা যায়, তেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সংযোজন করা হয়নি। বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়াই লেবেলে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ করা হচ্ছিল।
এসব অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকা জরিমানা আদায়ের পর প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। তাকে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদীর উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোহাম্মদ শফিকুল আলম এবং সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




