সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ফারুক ইব্রাহিম (৪৮) নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক ও মানসিকভাবে হয়রানিমূলক আচরণ করেন শিক্ষক ফারুক। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ লোকজন শিক্ষকের বাসা ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ছাত্রীর স্বজনদের অভিযোগ, ফারুক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন। সর্বশেষ এক ছাত্রী, যিনি ওই শিক্ষকের ভাতিজি, হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীর চাচা থানায় এজাহার দিয়েছেন। এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফারুক ইব্রাহিমের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর