দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রায়কালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) এলাকায় মাইকিং করে বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে রোববার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হাসান ইমন ও এম ইউ আহমেদ মোশারফ স্বাক্ষরিত চিঠিতে মিজানুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ বিভিন্ন সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গত ২১ জুলাই রায়কালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে বাড়িটি ছেড়ে দিতে সাত দিনের সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি হস্তান্তর না করায় তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় বাড়ি দখলের অভিযোগ করেছিলেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়কালী গ্রামে প্রায় চার শতক জমির ওপর ১০ থেকে ১২ বছর আগে দোতলা পাকা বাড়ি নির্মাণ করেন বেলাল হোসেন। প্রায় চার বছর আগে বাড়িটি বন্ধক রেখে অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখা থেকে ১২ লাখ টাকা ঋণ নেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বেলাল হোসেন আত্মগোপনে চলে যান। কিছুদিন তার স্ত্রী শাহনাজ বেগম বাড়িতে থাকলেও প্রায় পাঁচ মাস আগে তিনিও সেখান থেকে চলে যান। এরপর মিজানুর রহমান বাড়িটি দখলে নেন বলে অভিযোগ করা হয়। পরে বাড়ি ভাড়া দেওয়ার কথা বললেও তিনি ভাড়া দেননি। একপর্যায়ে জমিটি তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান।

অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘জায়গাটি মূলত আমার দাদার। ১০ থেকে ১৩ বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বেলাল হোসেন প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল করে বাড়িটি নির্মাণ করেছিলেন। আমি কারও বাড়ি দখল করিনি, নিজেদের পৈতৃক জমি উদ্ধার করেছি।’
বহিষ্কারের বিষয়ে মিজানুর রহমান বলেন, দল থেকে বহিষ্কারের কথা শুনেছেন, তবে কোনো চিঠি এখনো হাতে পাননি। তবে সোমবার সকালে তিনি ওই বাড়ি থেকে তার আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়ে বাড়িটি ছেড়ে দিয়েছেন।
আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা বলেন, ‘যে দলেরই লোক হোক না কেন, অন্যের বাড়ি দখল করা গুরুতর অপরাধ। আমরা তাকে বারবার বাড়িটি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তিনি তা শোনেননি। তাই দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যায় ও অপকর্মের সঙ্গে দল কোনোভাবেই আপস করবে না।’
প্রতিনিধি/এসএস




