সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় হাসান মিয়া গুলাল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) বেলা দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মিয়া মোটরসাইকেলে করে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সিলেটগামী একটি হাইড্রলিক ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হাসান মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




