সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আল আমিন সৈকত ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে আল আমিন সৈকত টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে সৈকত মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সৈকতকে উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, হামলার পর গুরুতর আহত সৈকতকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত থাকায় অবস্থার দ্রুত অবনতি ঘটে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান বলেন, টিনপট্টি এলাকার একটি গলির ভেতরে দুর্বৃত্তদের হামলায় আল আমিন সৈকত নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর