বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামে সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য ছিলেন। জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাঘোপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তার পথরোধ করেন। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আরো বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এমআর




