বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিপদাপন্ন জনগোষ্ঠীর দাবিগুলো মহান জাতীয় সংসদের উত্থাপন করেছি। এখন রাজনৈতিক ব্যবস্থাপনারই দায়িত্ব দাবিগুলো বাস্তবায়ন করা।
সোমবার (২৪ আগস্ট) মোরেলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিপদাপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা শক্তিশালীকরণ এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন (সৃজন) প্রকল্প’-এর আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। জাগরণী চক্র ফাউন্ডেশন সংলাপটি বাস্তবায়ন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন- এমপি অধ্যক্ষ আব্দুল আলিম।
তিনি বলেন, ‘আপনাদের এ দাবিগুলো বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশটা দিল গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আমি আপনাদের দুর্যোগ দুর্দশার কথা তুলে ধরেছি।’
সংলাপে জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জনগোষ্ঠীর ওপর সৃষ্ট বিভিন্ন ঝুঁকি, স্থানীয় পর্যায়ে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক সমাজ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগোষ্ঠী, নাগরিক সমাজ ও জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
তারা আরও বলেন, উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা, পানি, কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক সেবার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই বাড়ছে। এসব সমস্যা চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে নাগরিক সমাজ ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের প্রয়োজন ও প্রত্যাশা স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‘সৃজন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপ জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং বিএমজেড ও নেজ বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/এমআই




