সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ত্রিশালে মডেল মসজিদের ইমামের বাসায় দিনদুপুরে চুরি

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০২:১০ এএম

শেয়ার করুন:

ত্রিশালে মডেল মসজিদের ইমামের বাসায় দিনদুপুরে চুরি

ময়মনসিংহের ত্রিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আফজাল হোসাইনের বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে পৌর শহরের কোর্ট ভবন এলাকায় মডেল মসজিদসংলগ্ন বাসায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মডেল মসজিদের পাশেই পুরোনো মসজিদের জায়গায় টিনের একটি ঘরে ইমাম ও তাঁর পরিবার বসবাস করেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাওলানা আফজাল হোসাইন বাসায় তালা দিয়ে প্রয়োজনীয় কাজে বের হন। পরে জোহরের নামাজ শেষে বাসায় ফিরে তিনি দেখতে পান, ভেতর থেকে দরজা আটকানো। এরপর বাড়ির চারপাশ ঘুরে এক পাশে টিনের বেড়া কাটা দেখতে পান তিনি।

পরে ভেতরে প্রবেশ করে দেখতে পান, দুটি কক্ষের দরজা-জানালা ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ সময় দুটি আলমারি ও একটি ওয়ার্ডরোব খোলা অবস্থায় পড়ে ছিল। চোরেরা দুটি সিলিং ফ্যান, ডেগ-পাতিল, থালা-বাটি ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মাওলানা আফজাল হোসাইন জানান, চোরেরা বাসার এক পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে দুটি কক্ষের দরজা-জানালা ভেঙে মালামাল তছনছ করেছে। এ সময় দুটি সিলিং ফ্যান, থালা-বাটি, ডেগ-পাতিলসহ বিভিন্ন তৈজসপত্র এবং প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখা টাকা নিয়ে গেছে।

ইমাম আফজাল হোসাইন আরও জানান, কিছুদিন আগেও একই বাসায় চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিনি ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করলেও কোনো আইনি সহায়তা পাননি বলে দাবি করেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, ‘ইমাম সাহেব আমাকে মেসেজ করেছেন। আমি মিটিংয়ে থাকায় তাঁর মেসেজটি ফরোয়ার্ড করে ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

ত্রিশাল থানার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রুবেল বলেন, ‘ওই ইমাম আগে চুরির বিষয়ে একটি অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

প্রতিনিধি/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর