কাভার্ড ভ্যান থেকে কোটি টাকা মূল্যের প্রায় ৩৩০ কেজি চুল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুলও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪৭) এবং একই থানার কানাইডাঙ্গা গ্রামের মো. শুকুর আলীর ছেলে সানোয়ার হোসেন সান্টু (৩৯)। তাঁরা কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজার।
রোববার (২৩ আগস্ট) রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তায় প্রায় ৩৩০ কেজি চুল ক্রয় করে প্রক্রিয়াজাতকরণের জন্য চুয়াডাঙ্গায় আনেন। গত ২২ আগস্ট নিজস্ব কাভার্ড ভ্যানে করে ওই চুলের বস্তাগুলো দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা এলাকার একটি প্রসেসিং কারখানায় নেওয়া হচ্ছিল।
দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে ভ্যানটি দামুড়হুদার কোষাঘাটা এলাকায় পৌঁছালে ৭-৮ জন ব্যক্তি এর গতিরোধ করে। পরে তাঁরা চালক ও সংশ্লিষ্টদের জিম্মি করে কাভার্ড ভ্যানে থাকা ২৩ বস্তা চুল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। তদন্তকালে ছিনতাইয়ের ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারের সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশের নজরে আসে।
তাঁদের জিজ্ঞাসাবাদ ও দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট রাত ৩টা ৪৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসটি




