রংপুর সদর উপজেলার পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সঞ্জিত রায় (১৯) এবং পাশের শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদার রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)। তারা দুজনে বন্ধু ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সঞ্জিত আর পেছনে বসেছিলেন গাড্ডু রায়।
এদিন দুপুর ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই বন্ধু। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুই যুবকের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
প্রতিনিধি/এএইচ



