রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বঙ্গোপসাগরে বরগুনার ‘এফবি রাইসা মণি’ ট্রলার ডুবি, ১৬ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে বরগুনার ‘এফবি রাইসা মণি’ ট্রলার ডুবি, ১৬ জেলে উদ্ধার
বরগুনার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ছবি- ফাইল

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বরগুনার ‘এফবি রাইসা মণি’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ট্রলারের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

তবে ট্রলারে থাকা ১৬ জেলেই পাশের একটি ট্রলারের সহায়তায় নিরাপদে উদ্ধার হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি রোববার (২৩ আগস্ট) বিকেলে নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে বরগুনা থেকে ১৬ জন জেলে ‘এফবি রাইসা মনি’ ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। আবহাওয়া খারাপ হওয়ায় তারা উপকূলে ফিরছিলেন। 

মহিপুর সংলগ্ন সাগরে পৌঁছালে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারের পেছনের অংশের তলা ফেটে যায়। পানি ঢুকে ট্রলারটি ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে।

এসময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা এগিয়ে এসে রাইসা মনিতে থাকা ১৬ জেলেকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের নিরাপদে উপকূলে নেওয়া হয়।

ট্রলারটির মালিক মো. রাসেল বলেন, ‘এফবি রাইসা মনি ট্রলারটি শনাক্ত করা হয়েছে। পোকিডিয়া এলাকায় ট্রলারটি পাওয়া গেছে। তবে এখনো উপকূলে আনা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।’

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ডুবে যাওয়া ট্রলারের ১৬ জেলেই নিরাপদে আছেন। ট্রলারটি শনাক্ত করা হয়েছে। সেটিকে উদ্ধারের পর উপকূলে নিয়ে আসার চেষ্টা চলছে।’

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর