রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে ৪ খুন: আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত ছিল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

রংপুরে ৪ খুন: আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত ছিল
ছবির ডানে আগামী চক্রবর্তী, বামে অদিত কর

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ স্ত্রী, ছেলে-মেয়ে হত্যার ঘটনা এখন দেশ জুড়ে আলোচনায়। গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজ থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছিলেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অদিত করের সঙ্গে তার বিয়ে তারিখ চূড়ান্তও করা হয়। দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বাবা মা ও ভাইয়ের সঙ্গে আগামী চক্রবর্তীও নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন।

এই হত্যাকাণ্ডের খবর ছড়ানোর পর অদিতের এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, আগামী চক্রবর্তী ও অদিতের বিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছিল। দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতি নিয়ে কথাও হচ্ছিল। কিন্তু এমন ঘটনায় অদিত হতবাক। 

সেই বন্ধু বলেছেন, ‘অদিত কর হবু স্ত্রীকে হারিয়ে ‘ট্রমাটাইজড’, তাকে কীভাবে সান্ত্বনা দেব বুঝতেছি না। কদিন আগে অদিতের বাবা মারা গেছেন। এখন হবু স্ত্রী মারা গেলেন।’

এদিকে অদিত কর নিজের ফেসবুকের ওয়ালে আগামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। এটা বুধবারের ছবি। খুব করে বলল সেদিন ‘আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি।’ চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকব।’’

উল্লেখ্য, শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, পঞ্চম শ্রেণিপড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং মাস্টার্স সম্পন্ন আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। 

ইয়াবা সেবন দেখে ফেলায় এবং বাধা দেওয়ায় প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করে পরে অন্যদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গত বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে পরিবারটির সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। স্বজনদের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে বাসায় গিয়ে চারটি মরদেহ পায় পুলিশ।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর