রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে কৃষক হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা মানিক, একই গ্রামের আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মো. মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।

28c85d18-bb11-49b9-a5c3-b21aef99c464

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, রায় ঘোষণার পর ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে চর বেড়া গ্রামের হীরা মানিকের ঘনিষ্ঠতা ছিল। এর সূত্র ধরে হীরা মানিক ছানোয়ারের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেন। পরে টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এর জেরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় মোবাইল ফোনে ছানোয়ারকে ডেকে নিয়ে যান হীরা মানিক। এরপর থেকে নিখোঁজ ছিলেন ছানোয়ার। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা গিয়ে মরদেহটি ছানোয়ার হোসেনের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে হীরা মানিককে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে ২০২২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর