কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকা থেকে ৩১ ভরি সোনার গহনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। রোববার (২৩ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মো. আজিম ও মো. ফারুক।
কোস্ট গার্ড জানায়, শনিবার সন্ধ্যায় তথ্য আসে, একটি চক্র কক্সবাজার বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান দেশে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরসংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় নতুন ফিশারি ঘাট এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩১ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি মুঠোফোন, ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও তিনটি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সৌদি আরব থেকে এসব সোনা দেশে এনেছেন। জব্দ করা সোনাসহ তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে সোনা আনার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




