রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুরের লালচরে বিষক্রিয়ায় দুটি মহিষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একটি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। আরেকটি মহিষের সন্ধান পাওয়া যাচ্ছে না।

শনিবার (২২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, মাছ শিকারের উদ্দেশে দুর্বৃত্তরা লালচরের পানিতে বিষ প্রয়োগ করে থাকতে পারে। পরে ওই পানির আশপাশে ঘাস খাওয়ার সময় মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

মৃত মহিষ দুটির মালিক মমিনপুর গ্রামের নুর মোহাম্মদ ও চান্দু মিয়া।

নুর মোহাম্মদ বলেন, ‘লালচরে মহিষগুলো ঘাস খাচ্ছিল। পরে সেখানে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখতে পাই। একটি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। আরেকটির এখনো সন্ধান পাওয়া যায়নি।’

স্থানীয়রা জানান, এর আগে লালচরে মহিষ চরানোর জন্য প্রতিটি মহিষের মালিকের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল। এ টাকা নেওয়াকে কেন্দ্র করে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং এলাকায় উত্তেজনাও সৃষ্টি হয়।

লালচরের পানিতে বিষ প্রয়োগের ঘটনায় আতঙ্কে রয়েছেন সেখানে মহিষ পালনকারী প্রায় পাঁচ শতাধিক মালিক। তাদের মহিষ নিয়মিত ওই চরে ঘাস খায়। মহিষের মালিক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে পানিতে বিষ প্রয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করব। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর