সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানির পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে— ভারতীয় কসমেটিকস, শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল ও ইয়াবাসহ বিভিন্ন চোরাচালানির পণ্য।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করেন।
এসব অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি ও ফলসহ বিভিন্ন চোরাচালানির পণ্য জব্দ করা হয়। এ ছাড়া ইয়াবা এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা ও বাংলাদেশি মৃগেল মাছ জব্দ করা হয়েছে।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানির পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি




