রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

২ দিনের ছুটিতে বাড়ি, কর্মস্থলে ফেরার আগেই প্রাণ গেল পুলিশ পরিদর্শকের

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

শেয়ার করুন:

২ দিনের ছুটিতে বাড়ি, কর্মস্থলে ফেরার আগেই প্রাণ গেল পুলিশ পরিদর্শকের
পুলিশ পরিদর্শক মো. আবির হোসেন।

দুই দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে গিয়েছিলেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আবির হোসেন। রোববার (২৩ আগস্ট) কর্মস্থলে ফেরার কথা ছিল তার। তবে তার আগেই আকস্মিক স্ট্রোক করে মারা গেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুরের সদর উপজেলার ছাপড়া মসজিদ এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবির হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। তিনি নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও নড়িয়া সার্কেল অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুই দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে যান আবির হোসেন। বাড়িতে তখন বিদ্যুতের কাজ চলছিল। দুপুরে কাজের অবস্থা দেখতে তিনি বাড়ির ছাদে যান। এ সময় এক মিস্ত্রি বিদ্যুতায়িত হলে বিষয়টি দেখে আবির হোসেন আকস্মিকভাবে স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

নিহতের বোন বলেন, আমার ভাই বাড়িতে একাই ছিলেন। বাড়িতে বিদ্যুতের কাজ চলছিল। কাজ দেখতে তিনি ছাদে যান। এ সময় একজন মিস্ত্রি বিদ্যুতায়িত হলে তাকে দেখে আমার ভাই সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, তিনি দুই দিনের ছুটি নিয়ে ফরিদপুরের নিজ বাড়িতে গিয়েছিলেন। আগামীকাল তার কর্মস্থলে ফেরার কথা ছিল। কিন্তু আজ দুপুরে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা জানি, তিনি আগে থেকেই স্ট্রোকের রোগী ছিলেন। তার মৃত্যুতে নড়িয়া সার্কেল অফিস গভীরভাবে মর্মাহত। আমরা নিহতের পরিবারের পাশে সর্বদা থাকব।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর