বাগেরহাটের কচুয়া উপজেলায় গৃহপালিত হাঁসে বীজ তলার ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাইয়ুম (২৬) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বেদার মল্লিক উত্তর ভান্ডারখোলা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, গৃহপালিত হাঁসে বীজ তলার ধান খাওয়া নিয়ে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী রমজান, তার স্ত্রী লামিয়া, বাবা-মা ও ছেলে লাঠি ও দরজার ডাসা দিয়ে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা, ছেলে কাইয়ুম ও পুত্রবধূ সুমিকে মারধর করেন। এতে বেদার মল্লিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত কাইয়ুম বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের আরও দুজন সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কচুয়া থানার ওসি আব্দুল্লাহ মামুন বলেন, প্রতিবেশীর গৃহপালিত হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নামে একজন নিহত এবং তার ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে করা হামলার অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিনিধি/টিবি




