শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে সীমান্তহত্যা-পুশইন বন্ধ করুন’

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে সীমান্তহত্যা-পুশইন বন্ধ করুন’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়ন, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে। বাংলাদেশ ভালো সম্পর্ক চায়, তবে এর জন্য সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বা রাখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ নেই। বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে।’

রাশেদ খান আরও বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভায় হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর