সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে তার অনুভূতি লিপিবদ্ধ করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘উদয়পদ্ম’ গাছের একটি চারা রোপণ করেন তিনি।
চারা রোপণ শেষে রাষ্ট্রপতি পরিবেশ সংরক্ষণ এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। শুক্রবার রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের টহল ও নজরদারি বাড়ানো হয়। একই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলেও বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।
স্মৃতিসৌধে সব আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ৩৬ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
প্রতিনিধি/টিবি




