বান্দরবানে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির জেরে এক শ্রমিকের দায়ের কোপে মো. নাছির (২৪) নামে আরেক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার একটি রাবার বাগানে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. নাছির কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক মানিক (২৭) চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় আবছারের রাবার বাগানে আটজন শ্রমিক কাজ করতেন। তাদের মধ্যে নাছির ও মানিকও ছিলেন। মানিকের নিজের মোবাইল ফোন না থাকায় তিনি নাছিরের মোবাইল ফোনে নিজের সিম ব্যবহার করতেন। এ নিয়ে শুক্রবার দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মানিক দা দিয়ে নাছিরকে কোপ দেন। এতে নাছিরের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর মানিক পালিয়ে যান।
বাগানের শ্রমিক মো. জাহিদুল ইসলাম বলেন, মানিকের নিজের মোবাইল ছিল না। তিনি নাছিরের মোবাইলে নিজের সিম ব্যবহার করতেন, এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক দা দিয়ে নাছিরকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ঢাকা মেইলকে বলেন, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফোর্স ফিরে এলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।




