লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইউসুফ আলী (৪৫) নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।
শুক্রবার সকালে কালীগঞ্জ থানায় মামলাটি করেন ওই স্কুলছাত্রীর মা।
অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার বাসিন্দা। তিনি ‘রংপুর নিউ রুপসী বাংলা ক্লিনিকের’ পরিচালক।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ ক্লিনিকে প্রতিবেশী এক পোশাকশ্রমিক ও তার পরিবারের চিকিৎসার সুবাদে ওই বাড়ির সাথে সখ্য গড়ে তুলেন ইউসুফ আলী। সেই থেকে ওই বাড়ির নারীদের ওপর কুদৃষ্টি পড়ে ইউসুফের।
গত বৃহস্পতিবার ওই বাড়ির এক শিশু অসুস্থ হওয়ায় তাকে নিয়ে তার মা ও খালা লালমনিরহাট সদর হাসপাতালে যান। ফলে বাড়িতে একা ছিল অষ্টম শ্রেণিপড়ুয়া ওই বাড়ির মেয়ে। তাকে বাড়িতে একা পেয়ে তার মায়ের নম্বর নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করেন ইউসুফ আলী। এরপর বাড়ির গেট ও রুমের দরজা বন্ধ করে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে মুখ খুলে দিলে মেয়েটি চিকিৎকার দিতে চেষ্টা করলে তাকে মেরে ফেলার হুমকি দেন ইউসুফ আলী। তাকে বাড়িতে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যান তিনি।
পরে স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে মোবাইলে তার মাকে বিষয়টি জানায়। পরে স্কুলছাত্রীকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে অভিযুক্ত ইউসুফের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন স্কুলছাত্রীর মা।
স্কুলছাত্রীর মা জানান, আমার মেয়ের জীবন যে নষ্ট করেছে- তার ফাঁসি চাই। আমরা গরিব মানুষ। আসামিরা প্রভাবশালী- তারা নাকি টাকা দিয়ে সব কিনে ফেলেছে। তাই তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি টাকার অভাবে অসুস্থ মেয়ের দুইটা টেস্ট করাতে পারিনি। ওষুধ কেনারও টাকা নেই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানালেন, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এলএ




